নরসিংদীর মনোহরদীতে পিকআপভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ মাহমুদ (২৮) এবং ইমরান (২৫) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হেতেমদী টু সাগরদী নতুন সড়কের মঈষার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ মাহমুদ উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের রাজি উদ্দীন রাজুর ছেলে ও চালাকচর বাজারের কাপড় ব্যবসায়ী এবং নিহত ইমরান একই এলাকার আবুল খায়েরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আসিফ মাহমুফ এবং ইমরান মোটরসাইকেল দিয়ে সাগরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা পিকআপভ্যানের সাথে মহিষাকান্দী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই আসিফ মাহমুদের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, আসিফ মাহমুদের ১৪ দিন বয়সের এক মেয়ে রয়েছে এবং ইমরান গত বৃহস্পতিবার বিয়ে করেছিল।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।



