বাগেরহাটের চিতলমারীতে ডিস লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে হিরম্ময় বড়াল সুব্রত (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হিরম্ময় বড়াল চরবানিয়ারী দক্ষিণপাড়া গ্রামের সুদেব বড়াল ও গীতা বড়াল দম্পতির একমাত্র সন্তান। তাকে হারিয়ে নির্বাক বাবা-মা। স্ত্রী অর্চনা পাগল প্রায়। সুব্রতের ৫ বছরের মেয়ে হিয়া বড়ালের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সকালে চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি খুঁটিতে সুব্রত কাজ করতে ওঠেন। এ সময় পা ফসকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করায়। ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিতলমারী থানার ওসি স্বপন কুমার রায় জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেননি।