কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে গিয়ে নৃশংসভাবে হামলার শিকার কিশোর আবু বকরের (১৬) অবস্থা গতকাল শুক্রবার বিকেল থেকে আরো সঙ্কটপন্ন হওয়ায় তাকে কুমিল্লা নগরীর একটি ট্রমা সেন্টারের লাইফ সাপোর্ট থেকে আইসিইউ অ্যাম্বুলেন্সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের কারণে স্বাস্থের চরম অবনতি ঘটছে। আবু বকর জেলার দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মোল্লা বাড়ির আবুল খায়েরের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দেবিদ্বার সরকারি কলেজ রোডে কোটা আন্দোলনে গিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের নৃশংস হামলার শিকার হন আবু বকর। এ সময় তাকে প্রথমে পিটিয়ে এবং পরে কুপিয়ে আহত করে তারা।
তার বড় ভাই মোহাম্মদ আলি বলেন, হামলায় মারাত্মক আহত আবু বকরকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল যাই। আবার তাকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে এনে চিকিৎসা দেয়া হয়। এরপর ডাক্তারদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আবু বকরের চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন। আমাদের সেই সামর্থ্য নেই।
এ দিকে খবর পেয়ে তার চিকিৎসায় এগিয়ে এসেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার এবং দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামীম।



