ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ রমেশ চন্দ্র সেনকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

১৬ আগস্ট (শুক্রবার) রাত ১০টা ১৫ মিনিটের দিকে রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও সদরের রুহিয়ার বাসা থেকে তুলে নেয়া হয়েছে বলে নয়া দিগন্তকে জানিয়েছেন সাবেক সংসদের স্ত্রী অঞ্জলি রানী সেন।

রমেশ চন্দ্র সেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে একাধিকবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য।

অঞ্জলি রানী সেন বলেন, ঠিক রাত ১০টা ১৫ মিনিটে সাদা পোশাকে ১০ থেকে ১৫ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করেন। পরে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দেন। দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।

পরে ৩০ মিনিটের জন্যে থানায় নিয়ে যাওয়ার কথা বলে রমেশ ও আমার বাড়ির একজন কর্মচারীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। তবে তারা বাড়ির কর্মচারীকে কিছুদূর গিয়ে গাড়ি থেকে নামিয়ে দেন।

অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক নয়া দিগন্তকে বলেন, সাবেক সংসদ রমেশ চন্দ্র সেনের নামে কোনো মামলা নেই, গ্রেফতারের প্রশ্নই আসে না।