নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল ও ভিসির বাস ভবন ঘেরাও করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৮ আগস্ট) দুপুরে ভিসির পদত্যাগের দাবিতে প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রশাসনিক ভবন ও ভিসি ভবন ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান মেহেদী, জাহিদুল ইসলাম হাসান ও হাসিব আহমেদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, কোটা আন্দোলনবিরোধী বিভিন্ন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ও বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্তমানে শিক্ষার্থীদের কাছে প্রশ্ন বিদ্ধ এবং সাধারণ শিক্ষার্থীরা সেখানে আস্থা হারিয়ে ফেলেছে। এসব বিষয়কে সামনে রেখে এবং বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তার কথা বিবেচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রবল অসহযোগিতা করায় ভিসি ও প্রোভিসির অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। এ সময় বক্তরা ভিসিকে দুর্নীতিবাজ ও স্বৈরাচারের দোসর বলে অভহিত করেন। বিশ্ববিদ্যালয়ে ভিসি ব্যাপক দুর্নীতি করেছে বলেও ছাত্ররা দাবি করেন।