পঞ্চগড়ের বোদায় পঞ্চম শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আটক যুবক মোহাম্মদ বিটুলের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বগদুলঝুলা বাজারে বড়শশী ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীদের সহায়তায় ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি।
মানববন্ধনে বক্তব্য দেন বড়শশী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল করিম, এমকেপির যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী বিজলী রানী রায়, মাঠ সহায়তাকারী শেফালী আক্তার, নাগরিক সমাজ সংগঠন-সিএসও সদস্য হেলাল উদ্দিনসহ এলাকাবাসীরা। কর্মসূচিতে নাগরিক সমাজ সংগঠনের সদস্যসহ এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, গত ৯ জুলাই বদেশ্বরী যুগীর দুয়ার গ্রামের পঞ্চম শ্রেণীর শিশু ভোরে মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা কেন্দ্রে যাওয়ার সময় একই গ্রামের হেলাল হিলুর ছেলে বিটুল (২৮) একটি দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে বিটুলের বিরুদ্ধে বোদা থানায় একটি মামলা দায়ের করেন।