ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীর তীর থেকে সুশান্ত সরকার (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুশান্ত ওই গ্রামের নিতাই সরকারের ছেলে। তার দুই মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
জানা গেছে, রোববার রাতে মোটরসাইকেল বিক্রির ৩০ হাজার পাওনা টাকা তার বন্ধুরা দেবে বলে সুশান্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার মা-বাবা মনে করেছে টাকা নিয়ে হয়ত তিনি ঘরে এসে ঘুমিয়ে যাবেন। কিন্তু সকালে লোকজন সুশান্তের লাশ মেঘনার পার দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ফাঁড়ির নৌ-পুলিশ লাশ উদ্ধার করে।
সুশান্তের বাবা নিতাই সরকার বলেন, ‘আমার ছেলের পাওনা টাকা চাওয়ায় তার বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে এবং লাশ নদীর পার ফেলে চলে যায়। আমার ছেলের খুনের সাথে জড়িতদের ফাঁসি চাই।’
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সলিমগঞ্জ নৌ-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া শুরু হয়েছে বলেও জানান ওসি।



