বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনরেল খোন্দকার শফিকুজ্জামান বলেছেন, গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করার চক্রান্তকারীদের চিহ্নিত ও তাদের গ্রেফতারের কাজ চলছে। চিহ্নিত শেষে গ্রেফতার অভিযান চলবে।
গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খোন্দকার শফিকুজ্জামান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সীমান্তে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশী দেশে প্রবেশ করেনি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুণœ করতে গুজব রটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি আরো বলেন, বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা হাইওয়ে থানা রয়েছে। সেই সাথে সব ধর্মালম্বীসহ সবার নিরাপত্তায় কাজ করছে বিজিবি।
এ সময় তার সাথে ছিলেন, বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।