ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের অধীনে চানপুর মৌজার গারোবাজার এলাকার বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বন বিভাগের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ ওই এলাকায় মৃত আব্দুস সামাদের ছেলে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।
গত ১৭ আগস্ট সরেজমিন গিয়ে দেখা যায়, গত শুক্রবার একতলার ছাদের ঢালাইয়ের কাজ শেষ করেছেন। সাখাওয়াত হোসেনের মা আনোয়ারা বেগম জানান, বন বিভাগের লোকদের সাথে কথা বলে এবং তাদের অনুমতি নিয়েই ১৬ আগস্ট ঢালাইয়ের কাজ করেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একই দাগে মুক্তিযোদ্ধা মৃত আব্দুল গফুরের ছেলে মোবারক হোসেনকে বাড়ি নির্মাণ করতে দেয়নি বন বিভাগ। অথচ রহস্যজনক কারণে একই দাগে বহুতল ভবণ নির্মাণ করতে অনুমোদন দেয়া হয়েছে। তারা আরো জানান, বিট অফিসার মাজহারুল ইসলাম আওয়ামী লীগের দাপট দেখিয়ে বহু বাড়িঘর নির্মাণের অনুমতি দিয়েছেন এবং মোটা অঙ্কের অনৈতিক সুবিধা হাতিয়ে নিয়েছেন। তা ছাড়া ওই বিট অফিসারকে মাসোহারা দিয়ে অবাদে গাছ কাটাসহ বিভিন্ন মৌজা থেকে উঁচু টিলা কেটে নিয়েছে মাটি ব্যবসায়ীরা। এলাকাবাসী অসাধু বিট কর্মকর্তাকে অন্যত্র বদলির জোর দাবি জানান।
মৃত মুক্তিযোদ্ধার ছেলে জানান, বন বিভাগের লোকদের ৩০ হাজার টাকা দিতে চাইলেও টাকা নেয়নি, তাদের বড় অঙ্কের টাকার দাবি ছিল। তার নির্মাণ করা বেশ কয়েকটি পিলার গুঁড়িয়ে দিয়ে কয়েক লাখ টাকার ক্ষতি করা হয়েছে। আর একই দাগে অপর ব্যক্তির বহুতল ভবন করার বিষয়ে জানতে চাইলে বন বিভাগের লোকজন ওদেরটা নিয়ে বারাবারি করতে নিষেধ করেন।
আঙ্গারগাড়া বিট অফিসার মাজহারুল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, চানপুর মৌজায় বহুতল ভবন নির্মাণের বিষয়টি তার জানা নেই।
উথুরা রেঞ্জ কর্মকর্তা রেদুয়ান আহমেদ জানান, ওই চানপুরের বিষয়সহ আরো একটি বাড়ি নির্মাণের বিষয়ে ব্যবস্থা নিতে আরো দুই মাস আগে বিট অফিসারকে নির্দেশ দেয়া হয়েছিল, কিন্তু কিভাবে কাজ অব্যাহত আছে, তিনি খোঁজ নিবেন বলে জানান।
ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আ ন ম আব্দুল ওয়াদুদ জানান, বনভূমিতে অবৈধভাবে ভবন নির্মাণকারীর বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।
ভালুকায় বনভূমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের অধীনে চানপুর মৌজার গারোবাজার এলাকার বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বন বিভাগের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।...



