জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকায় গোলডোবা খালের ওপর ২৫ বছর আগে নির্মিত সেতুটি কোনো কাজে আসেনি। এত বছরেও সেতুর দুই পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এমনকি খালের দুই পাড়ের কাঁচা সড়কের সাথে সেতুটির কোনো সামঞ্জস্যও নেই। সড়ক অনুযায়ী যে স্থানে সেতু হওয়ার কথা, সে স্থান থেকে প্রায় ১০০ ফুট দূরে তৈরি করা হয়েছে সেতুটি। অপরিকল্পিত এ সেতুটি সরকারি কোন দফতর নির্মাণ করেছে, তা জানতে এলজিইডিসহ সংশ্লিষ্ট সব দফতরে গিয়ে কোনো তথ্যও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ২৫ বছর আগে গোলডোবা খালের ওপর নির্মিত সেতুটিতে এখনো কারও পা পড়েনি। সেতুর পশ্চিম পাশে একটি মাটির গ্রামীণ সড়ক রয়েছে। কিন্তু ওই সড়কের সাথে সেতুর কোনো সম্পর্ক নেই। বর্ষা মৌসুমে সামান্য বন্যাতেই সড়কটি তলিয়ে যায়। তখন চরম দুর্ভোগ পোহাতে হয় ঘোষেরপাড়া, বীর ঘোষেরপাড়া ও চর ঘোষেরপাড়া এলাকার কয়েক হাজার মানুষের। তারা সড়কটি উঁচু করার পাশাপাশি সড়ক বরাবর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
সরেজমিন দেখা যায়, খালের বুকে ফসলের মাঠ। সেই ফসলের মাঠে সড়কবিহীন একটি সেতু দাঁড়িয়ে রয়েছে। সেতুর সাথে কোনো সড়কের সংযোগ নেই।
ঘোষেরপাড়া এলাকার কৃষক আলম মিয়া বলেন, অনেক আগে থেকেই দেখি সেতুর এ অবস্থা। সেতুটিতে জীবনে কেউ পা রাখেনি। বীর ঘোষেরপাড়া এলাকার গোলাম মোস্তফা বলেন, এ সেতুটি মানুষের একদিনও কাজে আসেনি বরং ক্ষতি হয়েছে। বন্যার সময় ওই খাল দিয়ে মেশিনচালিত নৌকা চলাচল করে। কিন্তু সেতুর নিচ দিয়ে নৌকা চালচল করতে সমস্যা হয়।
ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, এলজিইডি ওই জায়গায় নতুন সেতু নির্মাণের জন্য পরিদর্শন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, এটা আমাদের নয়, এলজিইডির।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী শুভাশীষ রায় বলেন, আমি ওই সেতুর বিষয়ে খোঁজখবর নিয়েছি। অফিশিয়ালি কোনো ডকুমেন্ট পাইনি। তবে সেতুটি নিলামের প্রস্তুতি নেয়া হচ্ছে।
মেলান্দহে ফসলের মাঠে দাঁড়িয়ে আছে সেতু
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকায় গোলডোবা খালের ওপর ২৫ বছর আগে নির্মিত সেতুটি কোনো কাজে আসেনি। এত বছরেও সেতুর দুই পাশে কোনো...



