ইয়াবা ডন খ্যাত কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষ ১৫ দিনের রিমান্ড নিতে আবেদন করলে অসুস্থতার কারণে তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে। এসময় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সেনা, র‌্যাব-পুলিশের কড়া পাহারায় আদালতে আনা হয় বদিকে। মাথায় হেলমেট পরিয়ে তাকে ঢুকানো হয় আদালতের এজলাস কক্ষে।

এসময় আদালত প্রাঙ্গনজুড়ে সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। তাকে আদালতে আনা হলে প্রচুর সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। এ সময় জনতা ইয়াবা বদি, বাবা বদি, ডন বদিসহ নানা শ্লোগানে শ্লোগানে আদালত চত্বর সরগরম করে তোলে। এক পর্যায়ে আদালতের নির্দেশে তাকে কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

আইনজীবী শাহীন জানান, টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আব্দুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করা হয়।

বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে এ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গণি জানান, গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আব্দুর রহমান বাদী হয়ে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করেছেন।