দেশের চলমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে বুড়িমারী কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হলরুমে এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন কবীর সওদাগর।
এতে উপস্থিত ছিলেন এন এসআর ট্রেডিংয়ের প্রোপাইটর পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্যসচিব আমির হামজা, রিয়াদ এন্টারপ্রাইজের প্রোপাইটর রেজোয়ান হোসেন, এফবিসিসিআইয়ের সদস্য নেওয়াজ নিশাত প্রমুখ। সভাশেষে মেসার্স বেনকোর প্রোপ্রাইটর পাটগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসেনকে সভাপতি ও এমআর ইন্টারন্যাশনালের প্রোপাইটর ও বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদকে সাধারণ সম্পাদক করে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।