নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির উদ্দীন (২৩) নামে ভ্যানচালক এক যুবক নিহত হয়েছে। শুক্রবার উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনির উদ্দীন ওই গ্রামের মকবুল হোসেন মকুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির উদ্দীন পেশায় একজন অটো চার্জার ভ্যানচালক। প্রতিদিনের ন্যায় সারা দিন ভ্যান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চার্জে দিয়ে রাখেন। এর পর শুক্রবার সকালে বিদ্যুতের বোর্ড থেকে চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির উদ্দীন নামে এক যুবক মারা যাবার সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি।