হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টানা ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বৃহস্পতিবার খোয়াই নদীর শায়েস্তাগঞ্জ পয়েন্টে পানি ১১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এমন পরিস্থিতিতে চরম ঝুঁঁকিতে রয়েছে শহর প্রতিরক্ষা বাঁধ।
এর আগে থেকেই শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর এলাকায় বাঁধভাঙন আতঙ্ক দেখা দেয়। আতঙ্কে অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন নদীর বাঁধে। এদিকে বাঁধ উপচে নদীর পানি আসার শঙ্কা দেখা দিলে রাত জেগে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে মাটি ভর্তি বস্তা দিয়ে বাঁধ মেরামত করে। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সকাল থেকে আবারো কাজ শুরু করেন সেচ্ছাসেবীরা।
সরেজমিন দেখা যায়, উপজেলার আলাপুর ও কলিমনগর এলাকায় শতাধিক পরিবার নদীর বাঁধে আশ্রয় নিয়েছে। তারা তাঁবু ও ত্রিপল টাঙিয়ে পরিবারের শিশু ও নারীদের নিয়ে অবস্থান করছেন। আশ্রিতরা জানান, ভাঙন আতঙ্কে তারা নদীর বাঁধেই রাত কাটিয়েছেন। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করে রেখেছেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে সাক্ষাৎ করেন। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবীরা বাঁধ মেরামতের কাজ করছেন। বাঁধে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে শেল্টার সেন্টারে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।



