খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বন্যার পানিতে ডুবে রুষা চাকমা (১১) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রুষা চাকমা উপজেলার মেরুং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্ত কারবারি পাড়ার পল্টু চাকমার মেয়ে। সে চঙ্গাছড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার (২৪ আগস্ট) বিকেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, বন্যায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারটিকে সহায়তা করা হবে।
মেরুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শান্তি প্রিয় চাকমা বলেন, শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নেমে রুষা চাকমা হঠাৎ তলিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে রুষা চাকমার দাফন সম্পন্ন হয়।



