ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি এলাকায় অবস্থিত বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ওষুধ কারখানার শ্রমিকরা গতকাল চাকরি স্থায়ী করন, গ্রেড পদোন্নতি, কর্মী ছাঁটাই বন্ধ, সপ্তাহে দুই দিন ছুটি, মাতৃকালীন ছুটিতে সম্পূর্ণ বেতন ও চিকিৎসা খরচসহ বিভিন্ন দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে তার কাজে যোগদান করেন।
শ্রমিকরা জানান, বিকন ফার্মাসিউটিক্যালস কারখানায় তারা ৮০০ শ্রমিক কর্মরত আছেন। উল্লিখিত দাবির বিষয়ে দীর্ঘ দিন ধরে আশ্বাস দিলেও তা মেনে না নেয়ায় এই আন্দোলন। শ্রমিকরা অ্যাডমিন সৈকত ও পরিচালক (অপারেশন) গোলাম রব্বানীর অপসারণের দাবি জানান।
কোম্পানীর মানবসম্পদ বিভাগের (এইচআর) প্রধান আনিছুর রহমান জানান, শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেয়া হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং মালিক পক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা কাজে যোগদান করেন।