বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এ দেশে সকল জনপ্রতিনিধি নির্বাচিত হবে। রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য ও মানুষকে নিয়ে। তাই মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। তাদের খোঁজখবর নিতে হবে।
তিনি আরো বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই। এটা এখন আর চাঁদাবাজ আর দখলবাজদের বাংলাদেশ নেই। যা ইচ্ছে তাই করার দিন শেষ। রাজনীতিতে গুণগত পরিবর্তনের সময় এসেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। আমরা বন্যাকবলিত মানুষের পাশে থাকব।
শনিবার সকালে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ পূর্ব এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মিয়া গোলাম কাদেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির কেন্দ্রীয় সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সাবেক সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা খালেদ সাইফুল্লাহ, কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন, আনোয়ার হোসেন হিরন হাওলাদার প্রমুখ।



