বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো পাঁচজন। হতাহতদের সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।
রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মাহিলারা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া যমুনা লাইনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। এছাড়া মাহিন্দ্রায় থাকা আরো পাঁচ যাত্রী আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাস জব্দ ও চালক সুজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।



