টাঙ্গাইলের ঘাটাইলে আঁখক্ষেতে চুরিরোধ ও শিয়ালের জন্য পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া (আমতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া দম্পতি হলেন হামকুড়া (আমতলা) গ্রামের মরহুম নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশেই আঁখ চাষ করেন। ক্ষেত থেকে যেন কেউ আঁখ চুরি ও শিয়াল এসে আঁখ নষ্ট করতে না পারে সে জন্য তিনি ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামী আরশেদ তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ দু’টি উদ্ধার করে।

রসুলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।