বরিশাল উজিরপুর উপজেলার ফিড ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার দিবাগত রাত্র ১০টার দিকে উপজেলার সাতলা বাজারের এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদার ও চাচাতো ভাই বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বাদি ছিলেন নিহত ইদ্রিস হাওলাদার। মৎস্য ঘেরে হামলা ও লুটপাট মামলায় প্রায় চার মাস আগে বিএনপি নেতা ইলিয়াস হাওলাদার ও তার ভাই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার এবং আসাদ হাওলাদার জেলহাজতে ছিলেন।
নিহতদের পরিবারের অভিযোগ মামলার আসামিরাই দু’জনকে কুপিয়ে হত্যা করেছে।
স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদারকে (২২) নিয়ে মটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে সাতলা সেতুর পশ্চিম পাড় অতিক্রমকালে সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং ইদ্রিস ও সাগরকে এলোপাথারি কুপিয়ে জখম করে। দুবৃর্ত্তরা পরে ইদ্রিসের মূত্যু নিশ্চিত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়।
রাতেই স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় ইদ্রিস হাওলাদার ও সাগর হাওলাদারকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়া নিয়ে ভর্তি করে। সেখানে রাতে ইদ্রিস হাওলাদার মারা যান। পরের দিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা যান সাগর হাওলাদার।
উজিরপুর মডেল থানার ওসি জাফর অহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলেই মামলা দায়ের হবে।