চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাজারগুলোতে বন্যার প্রভাব পড়তে শুরু করেছে। সরবরাহ না থাকায় সম্প্রতি বাজারগুলোতে শুকনো খাবারের সঙ্কট দেখা দিয়েছে এবং শাকসবজিও প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। উপজেলার বাজারের দোকানগুলোতে দু’দিন আগে থেকেই চিঁড়া, মুড়ি ও গুড় পাওয়া যাচ্ছে না। বাজারে সবজি থাকলেও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। এ ছাড়া আলু, পেঁয়াজ কেজিতে বেড়েছে ২০-৩০ টাকা।
জানা গেছে, দোকানিরা ঘণ্টায় ঘণ্টায় বাড়িয়ে দিচ্ছেন শুকনো খাবারসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দাম। টাকা দিয়েও অনেক সময় চিঁড়া, মুড়ি ও গুড় পাওয়া যাচ্ছে না। এক রাতের ব্যবধানে চিঁড়ার দাম বাড়ানো হয়েছে কেজিপ্রতি প্রায় ৩০ টাকা। মুড়িও আগের দামের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। ৭০ টাকার মুড়ি এক রাতের মধ্যে ৮০ টাকা হয়ে গেছে। এক শ’ টাকার নিচে কোনো তরিতরকারিই মিলছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে অনেকেই।
এ দিকে বর্ন্যাতদের সহায়তা করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের মানুষ এগিয়ে আসছেন। স্থানীয়দের কেউ কেউ নৌকা নিয়ে ছুটছেন দুর্গতদের উদ্ধার করতে। কেউবা শুকনো খাবার, পানি, মোমবাতি, লাইটারসহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপদ্রুত এলাকায়।
ত্রাণ কার্যক্রমে জড়িত এক স্বেচ্ছাসেবী সংগঠনের দলনেতা ইকবাল হোসেন বলেন, বন্যার্তদের মাঝে ত্রাণ পাঠানোর জন্য চিঁড়া-মুড়ি, বিস্কুট ও পানির সঙ্কট তৈরি করা হয়েছে। প্রতিটি শুকনো খাবারের দামই কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। কোনো কোনো খাদ্যদ্রব্য টাকা দিয়েও কিনতে পাওয়া যাচ্ছে না। চিঁড়া ও মুড়ির সঙ্কট সৃষ্টি করা হয়েছে।
বড়তাকিয়া বাজারে আসা সৈদালী এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, বাজারে এসে দেখি সব সবজির দাম দ্বিগুণ হয়ে গেছে। তিন দিন আগে কেনা ৬০ টাকার ঝিঙ্গা এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁচামরিচ তো কেনার সাধ্য নেই। ৮০০ টাকা কেজি। সব সবজির দামই বেড়েছে।
মিরসরাই পৌর সদরের ব্যবসায়ী জানে আলম বলেন, দোকানে যা ছিল প্রথম দিনেই শেষ। এরপর যানজটের কারণে পণ্য আনা সম্ভব হচ্ছে না। আমরা ফেনী থেকে মালামাল নিয়ে আসি। কিন্তু সেখানে বন্যা হওয়ায় অর্ডার দিয়েও মালামাল আনা সম্ভব হচ্ছে না।
বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী আমিনুল হক জানান, অনেক খোঁজাখুঁজি করেও চিঁড়া মুড়ির সংস্থান করতে পারলাম না। তবে শুনেছি ফেনীতে পানি কমেছে। আশা করা যায়, দুই এক দিনের মধ্যে চিঁড়া ও মুড়িসহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
বন্যার প্রভাব
মিরসরাইয়ে বাজারে শুকনো খাবার সঙ্কট, দ্বিগুণ দামে সবজি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাজারগুলোতে বন্যার প্রভাব পড়তে শুরু করেছে। সরবরাহ না থাকায় সম্প্রতি বাজারগুলোতে শুকনো খাবারের সঙ্কট দেখা দিয়েছে এবং শাকসবজিও প্রায় দ্বিগুণ দামে বিক্রি...



