গত কয়েক দিনের প্রবল বর্ষণে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ৬৪ কিলোমিটারের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাঁধ ভাঙার শঙ্কায় প্রকল্পের অভ্যন্তরে বসবাসকারী প্রায় পাঁচ লাখ লোক আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড-পাউবোর বাঁধ সংস্কারের কাজে কোনো উদ্যোগ নেই। প্রকল্প এলাকায় তাদের তৎপরতা না থাকায় জনমনে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন গত শনিবার ঘুরে দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ না নেয়ায় মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের বড় বড় গর্ত ভরাটের কাজ স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে করেছে মতলব উত্তরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
চাঁদপুরের মতলব উত্তরে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পটি অবস্থিত। এতে রয়েছে ৬৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। গত কয়েক দিনের অতিবৃষ্টিতে বেড়িবাঁধের বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়ায় বেড়িবাঁধটি বর্তমানে হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ১৯৮৭-৮৮ অর্থবছরে মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ৬৪ কিলোমিটার এলাকাজুড়ে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এতে বেড়িবাঁধের অভ্যন্তরে প্রায় ৩২ হাজার ১১০ একর ফসলি জমি অধিগ্রহণ করা হয়েছে। বেড়িবাঁধ নির্মাণের পর এ পর্যন্ত দু’বার বাঁধের পূর্বাঞ্চলে ভেঙে যায়। এতে কয়েক শ’ কোটি টাকার ফসল ও সম্পদের ক্ষতি হয়। বর্তমানে বেড়িবাঁধের ৬৪ কিলোমিটার এলাকাজুড়ে (পিচঢালাই) পাকা সড়ক রয়েছে।
সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল সরকার বলেন, অতিবৃষ্টির পানিতে বাঁধের অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে চলাফেরায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র-জনতা মিলে মেরামত করেছি।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকোশলী শুভ সরকার বলেন, ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঠিকাদারদের মাধ্যমে শিগগিরই সংস্কারকাজ করা হবে। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সংস্কারকাজ চলছে। তাই এ ব্যাপারে পাউবোর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও নদীর পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাউবোর চাঁদপুর কার্যালয়ের থেকে তদন্ত টিম পর্যবেক্ষণ করে এসেছে।