বরিশালের উজিরপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা অডিটরিয়ামে ১১টি পরিবারকে দুই লাখ টাকা করে ২২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো: কাওছার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন, মো: বাবর, কেন্দ্রীয় শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী মো: ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় শূরা সদস্য ও আমির বরিশাল জেলা অধ্যাপক আব্দুল জব্বার, কেন্দ্রীয় শূরা সদস্য ও নায়েবে আমির বরিশাল জেলা মাস্টার আব্দুল মান্নান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাওলালা মো: শামীম সাঈদী প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌরসভার আমির মো: আল-আমিন সরদার, বরিশাল জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মো: জহির উদ্দিন ইয়ামিন, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: আলাউদ্দিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আগৈলঝাড়া উপজেলার মো: সাগর হাওলাদার গৌরনদী উপজেলার মো: ইমরান খলিফা, মো: জামাল শিকদার, মো: ইলিয়াস খান, উজিরপুর উপজেলার মো: মিজানুর রহমান, বানারীপাড়া উপজেলার মো: রাকীব, হাফেজ মাওলানা মো: জসীম উদ্দীন, মো: আলআমিন রনি, মো: তাওহীদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলার মো: ফয়সাল আহমেদ শান্ত, রাজীব হোসেন রাকীব, আব্দুল্লাহ আল আরিফ-এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ ১১ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি বলেন, ‘আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে। যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহ তায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে। যারা শহীদ হয়েছে তারাতো চলে গেছে তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে-আপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন,‘দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কোনো লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা জানো না।

বক্তব্য শেষে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।