কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফা আক্তার সারা (৭) নামে এক স্কুলশিক্ষার্থী অপহৃত হয়েছে। শিশুটির পরিবারের কাছে অপহরণকারীরা মোবাইলে মুক্তিপণ দাবি করে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে চরঝাকালিয়া নামক স্থান থেকে তাকে অপহরণ করা হয়।

সাইফা আক্তার সারা কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলে শিশু শ্রেণির শিক্ষার্থী ও উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

অপহৃত সাইফা আক্তার সারার বাবা শফিকুল ইসলাম জানান, আমার মেয়ে সাইফা স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
আমার মোবাইল অপরিচিত নম্বরে একটা কল আসে, সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ হাজার টাকা দাবি করে। এ ঘটনায়
কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, সাইফা আক্তার সারা নামে এক শিশু শ্রেণির শিক্ষার্থী অপহরণ হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।