ময়মনসিংহের ভালুকায় এসএমসি ওরস্যালাইন নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বহিরাগত কিছু লোক লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং এতে ২১ জন আহত হয়েছেন বলে শ্রমিকদের দাবি। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, এসএমসি ওরস্যালাইন কারখানায় তারা প্রায় ৭০০ জন কর্মরত আছেন। তারা দীর্ঘদিন ধরে ৯টি দাবি করে আসছিলেন। দাবিগুলো হলো- চাকরি স্থায়ীকরণ, বেতন সর্বনিম্ন বেতন ১৭ হাজার ৫০০ টাকা, আন্দোলনকারীদের চাকরিচ্যুত না করা, শ্রমিক ইউনিয়ন গঠনের সুযোগ দেয়া, নাইট এলাউন্স চালু, কমপক্ষে দুইবেলা খাবার প্রদান, বেতনের সমপরিমাণ দুই ঈদের বোনাস প্রদান, বাৎসরিক সর্বনিম্ন ২০% বেতন বৃদ্ধি, অফিস চালাকালে কোনো শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার দায়বার কোম্পানির বহন ও সব কর্মচারীকে মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশের অনুমতি দেয়া। এসব দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে আশ্বাস দিয়ে আসলেও তা মেনে না নেয়ায় তাদের এ আন্দোলন। তারা আরো জানান, কোম্পানির পক্ষে কিছু বহিরাগত লোক তাদের দাবির বিষয়ে কথা বললেই বিভিন্ন ধরনের হুমকি দেয়। গতকাল মঙ্গলবার আন্দোলনের সময় ৪০-৫০ জন বহিরাগত লোক কাঠের লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তাদের প্রায় ২১ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের ভালুকা সরকারি হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আবুল কালাম নামে স্থানীয় এক ব্যক্তি শ্রমিকদের ওপর হামলার কথা অস্বীকার করে জানান, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না।
ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, এসএমসি ওরস্যালাইন কারখানার শ্রমিকদের মাঝে কিছু দাবির বিষয়ে অসন্তোষ দেখা দিয়েছিল। পরে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা হয়েছে। কিছু দাবি কোম্পানি কর্তৃপক্ষ ইতোমধ্যেই মেনেও নিয়েছেন। অন্যান্য যৌক্তিক দাবি কিছুদিনের মধ্যেই মেনে নেবেন বলে কোম্পানির পক্ষ থেকে শ্রমিকদের আশ্বস্ত করা হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান জানান, শ্রমিকদের নিয়ে বসেছিলেন, তাদের দাবি অনুযায়ী কোম্পানি কর্তৃপক্ষ ১০ ভাগ মহার্ঘ ভাতা দিবেন। তা ছাড়া অন্যান্য যৌক্তিক দাবি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির পক্ষ থেকে তাকে জানাবেন বলে কথা হয়েছে।
ভালুকায় এসএমসির ওরস্যালাইন কারখানায় শ্রমিক অসন্তোষ
ময়মনসিংহের ভালুকায় এসএমসি ওরস্যালাইন নামে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী জামিরদিয়া এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন...



