আমার দলের হোক বা অন্য দলের হোক কোনো মানুষের উপর অত্যচার নির্যাতন করতে পারবেন না, কেউ আইন হাতে তুলে নিবেন না, সব হত্যাকারীর বিচার করা হবে এ বাংলার মাটিতে। এ দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী নাগরিক, হিন্দু বৌদ্ধ সবার সমান অধিকার। গতকাল বুধবার চকরিয়া পৌর বাস টার্মিনালে এক গণসংবর্ধনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন হলেও আমাদের চূড়ান্ত বিজয় এখনো আসেনি, যেদিন দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন আমাদের বিজয় আসবে।
সালাউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর গুমের শিকার হয়ে ভারতে নির্বাসন শেষে স্বদেশ প্রত্যাবর্তন ও নিজ জন্মভূমিতে আসেন গতকাল। চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে গণসংবর্ধনায় আরো বক্তব্য দেন সালাউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসিনা আহমেদ, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দর, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।