দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ শ্রমিক লীগ কাউখালীর বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বুধবার দুপুরে কাউখালীর সীমান্তবর্তী রাউজানে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে বলে জানা গেছে।

আব্দুল মান্নান (৩২) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো পুরানবস্তি এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী রাউজান উপজেলার জলীল নগর বাস স্টেশন গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। এ সময় মান্নানকে উপর্যপুরী মারধর করতে থাকলে একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে দুর্বৃত্তরা তাকে সিএনজি অটোরিক্সায় করে কাউখালী উপজেলার বেতবুনিয়া গুইয়াতল নামক স্থানে ফেলে রেখে চলে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো: জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল মান্নানের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার গ্রামের বাড়ি বেতবুনিয়ায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র কর জানিয়েছেন বিষয়টি শুনেছি। তবে ঘটনা রাউজান থানায় অধীনে হওয়ায় সে থানা প্রয়োজনীয় ব্যবস্থা করবে।