মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর পুনর্বাসন কেন্দ্র থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মাছবাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে গলায় ফাঁস লাগানো ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম সোহরাব বেপারী (৫৫)। তিনি পাশের মেদিনীমণ্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ৩ নম্বর ওয়াডের মরহুম মোসলেম বেপারীর ছেলে।

তিনি চায়না অস্থায়ী প্রজেক্ট এলাকায় রাস্তার পাশে ভাসমান অবস্থায় বসবাস করতেন পুলিশ সূত্রে জানা গেছে।

পদ্মা সেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ জানান, পুনর্বাসন কেন্দ্রের বসবাসকারীদের সংবাদের ভিত্তিতে কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মাছবাজারের পাশে পরিত্যক্ত একটি টিনের দোকানঘর থেকে সোহরাব বেপারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তার বড় মেয়ে শারমীনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।