নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনে থাকা প্লাস্টিকের তৈরি বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। গতকাল বিকাল ৪টার দিকে জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি) ফ্যাকুরিতে এই আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নরসিংদী, পলাশ, মাধবদী ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর বারি জানান, প্রাণের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পাকের একটি দোতলা ভবনের প্লাস্টিকের তৈরি মালামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণেরচেষ্টা চালায়। পরে আগুনের মাত্রা বাড়তে থাকায় নরসিংদী ও মাধবদী থেকে আরো পাঁচটি ইউনিট যোগ দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে এই আগুনের ঘটনা, তা এখনো জানা যায়নি। ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ, তদন্তের পর জানা যাবে।



