গাজীপুরের কালিয়াকৈরে ২১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার শ্রমিকেরা।
শনিবার ভোর ৬টায় কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্কয়ার ফার্মাসিটিক্যালসের সামনে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
এ সময় আন্দোলনকারী শ্রমিকরা কর্মস্থলে ১০ বছর মাষ্টাররোলে কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, স্কয়ার ফার্মাসিটিক্যালসের উচ্চপদস্থ কিছু কর্মকর্তার পদত্যাগ ও সপ্তাহে দুই দিন ছুটিসহ ২১দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো: ইমরান আহম্মেদ বলেন, ‘সকালে স্কয়ার ফার্মাসিটিক্যাল ওষুধ কারখানার শ্রমিকেরা। তাদের ২১ দফা দাবি নিয়ে রাস্তায় বিক্ষোভ করে। এ সময় ৪৫ মিনিট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বন্ধ ছিল। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।’



