কৃষি আবাদি জমি, বসত-বাড়িসহ সরকারি জমি অন্যায়ভাবে দখল ও ছিন্নমূল নাগরিকদের গৃহহীন করায় নরসিংদীর পলাশের সাবেক সংসদ সদস্য, সাবেক মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

শনিবার সকালে ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্থ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে পলাশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলিপ, তার ভাই সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন ও ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র আল-মুজাহিদ তুষার কাউন্সিলরদের সহযোগীতায় এলাকার ছিন্নমূল মানুষদের বরাদ্দকৃত সরকারি জমি জোরপূর্বক দখল করে নিয়ে নেয়। এতে করে গড়পাড়া গ্রামের শতাধিক গরিব অসহায় মানুষ গৃহহীন হয়ে পড়ে। তাদের ভয়ে এলাকার কেও প্রতিবাদ করার সাহস পায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমি ফিরিয়ে দেয়াসহ তাদের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এ সময় আরো বক্তব্য রাখেন, গড়পাড়া গ্রামের আজিজুল ইসলাম, সমাজসেবক দিলারা বেগম, আব্দুল সাত্তার, অহিলউদ্দিন, সাহেরা খাতুনসহ ক্ষতিগ্রস্তরা।