বগুড়ার কাহালুতে চাঁদা নিতে গিয়ে গণ পিটুনিতে সন্ত্রাসী আতা বাহিনীর সদস্য রাকিব হোসেন (২৪) নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে কাহালু উপজেলার শিবা কলমা হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাকিব হোসেন কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ পুর্বপাড়ার সামছুল হকের ছেলে এবং ওই গ্রামের চাঁদাবাজ গ্রুপ আতা বাহিনীর সদস্য।

সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবা কলমা গ্রামের ফনিদ্রনাথের মেয়ের বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ বগুড়ার সন্ত্রাসী আতা তার বাহিনীর ৮ থেকে ১০ জন সদস্য নিয়ে ফনিন্দ্রনাথের বাড়িতে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় ফনিদ্রনাথ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর শুরু করে। ফনিন্দ্রনাথের চিৎকারে সাখা নামক এক ব্যক্তি এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে মারধর ও ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে এবং গুলি ছুড়ে ত্রাসের সৃষ্টি করে। গ্রামবাসী এ সময় প্রতিরোধ গড়ে তুললে আতাসহ তার বাহিনীর অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও গ্রামবাসী রাকিব হোসেনকে আটক করে গণ-পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছেন, রাকিব একাধিক সন্ত্রাসী মামলার আসামি। তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠান।