গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সদ্য অপসারিত সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে আটক করেছে ডিএমপি পুলিশ। তিনি কালীগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার দিবাগত মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে রবীন হোসেনকে আটক করা হয়।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে রবীন হোসেনকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে পৌঁছলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তার নামে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবীন হোসেন পরিবারের সাথে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনশুরপুর এলাকার মরহুম বারেকের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহতাব উদ্দিন প্রতিবেদককে জানান, ‘হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রবীন হোসেন ভাটারা থানায় আটক রয়েছে। আসামিকে আনার জন্য কালীগঞ্জ থেকে পুলিশের একটি তদন্তকারী টিম ঢাকায় পাঠানো হয়েছে। থানায় আনার পরে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, গত ২১ আগস্ট কালীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ থানায় রবীন হোসেনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।



