পঞ্চগড় জেলা সদরের হাড়িভাসা ইউনিয়নে সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। গত শুক্রবার দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় বৃদ্ধার মানসিক ভারসাম্যহীন ছেলে রুস্তম আলীকে (৫০) গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় বৃদ্ধা সালেহা বেগম তার ছেলে রুস্তমকে নিয়ে বসবাস করতেন। রুস্তম গত ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তার মা সালেহা বেগমও কিছুটা মানসিকভাবে অসুস্থ। রুস্তমের স্ত্রী সন্তানরা আলাদা স্থানে বসবাস করেন। মাঝেমধ্যে খাবার দিতে দেরি হলেই মাকে মারধর করত রুস্তম। গত বুধবার থেকে সালেহার দেখা পায়নি স্থানীয়রা। শুক্রবার সকালে তাদের সন্দেহ হলে বাড়িতে গিয়ে ঘরের ভিতর তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং মৃতের ছেলে রুস্তমকে গ্রেফতার করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, সম্ভবত বুধবার রাতে ওই মহিলাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও পোড়ার চিহ্ন রয়েছে।