রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড তেনাপচা এলাকার বিএনপি মোড় বটতলার পাশে পিয়ার আলী মৃধাপাড়ায় আলমগীর হোসেন (৫০) নামে সৌদিপ্রবাসী এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া গেছে। আলমগীর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রাহুতপাড়া ধুতরা হাটি গ্রামের আবুল কালাম মোল্লা (মেম্বর) এর ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে তাকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর পাকা সড়কের ঢালে ফেলে রাখা হয়। এর পর শনিবার সকালে পথচারীরা গলাকাটা অবস্থায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিত্যক্ত লাশের পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা গলাকাটার কাজে ব্যবহৃত রক্ত মাখা বটিও পুলিশ খুঁজে পায়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।