খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অগ্নিকাণ্ডে ভবনের হিসাব শাখায় সংরক্ষিত কলেজের নথিপত্র পুড়ে ছাই হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটিকে রহস্যজনক এবং দুর্নীতি আড়াল করতেই এই আগুনের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। প্রত্যক্ষদর্শী রিতা চাকমা জানান, কলেজের দ্বিতীয় তলায় একটি প্রকল্পের ক্লাস চলছিল। হঠাৎ ভবনে ধোঁয়া দেখে শিক্ষক সুকেন্দ্র চাকমাকে জানানো হয়।
শর্ট সার্কিট থেকে ভবনে আগুন লেগেছে বলে দাবি করে কলেজের হিসাব সহকারী পরিপূর্ণ চাকমা বলেন, ‘শনিবার কলেজ বন্ধ ছিল। কলেজের আয়া বিরুলা চাকমা আমাকে ফোনে ঘটনাটি জানান। পরে ঘটনাস্থলে এসে দেখি হিসাব শাখার নথিপত্র আগুনে পুড়ে গেছে।’
কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটিতে শিক্ষকদের পাশাপাশি উপজেলা প্রশাসনের প্রতিনিধি থাকবেন।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, কলেজ প্রশাসন থেকে কেউ কিছু জানায়নি। স্থানীয় একজন স্টেশনে এসে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা কলেজে রহস্যজনক আগুনে পুড়ে ছাই হিসাব শাখার নথিপত্র
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অগ্নিকাণ্ডে ভবনের হিসাব শাখায় সংরক্ষিত কলেজের নথিপত্র পুড়ে ছাই হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে...



