বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাই মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনও চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সময়ও দিতে চায়। সময় না দিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে না। এখনো আওয়ামী লীগের লোকজন নির্বাচন অফিসসহ বিভিন্ন জায়গায় বসে আছেন। বর্তমান নির্বাচন কমিশনকে ভেঙে চুরে নতুন করে ঢেলে সাজাতে হবে। বিএনপি সব রাজনৈতিক দল বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারকে সবকিছু নতুন করে সাজানোর জন্য সময় দিতে প্রস্তুত।

গত রোববার দুপুরে পটুয়াখালীতে তার বাসভবন সুরাইয়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সর্বপ্রকার সহযোগিতা করতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে। কারণ ছাত্র-জনতার এ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা নেমে পড়েছেন এবং তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ ষড়যন্ত্র বাস্তবায়নে আওয়ামী লীগের প্রেতাত্মা ও ‘র’-এর এজেন্টরা ভয়ংকরভাবে কাজ করছে। সব নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তবে তার চেয়েও ভয়ংকর হচ্ছে বিএনপির মধ্যে মোনাফেক।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য বাইজিদ আহমেদ পান্না মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন প্রমুখ।