পার্বত্যঞ্চলে চলতি মৌসুমে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান থেকে ভাটির দিকে ভেসে আসছে কচুরিপানা। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই লেকের আশপাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানা জটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ি, ফারুয়া, হরিণচড়া, জুড়াছড়ি, রাঙ্গামাটি সদরসহ নৌপথে যাত্রীবাহী শত শত নৌ যানবাহন সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে বিড়ম্বনা ও বেগ পেতে হচ্ছে বলে কাপ্তাই বোটমালিক সমিতি সূত্রে জানা গেছে।
সরেজমিন পরিদর্শন করে জানা যায়, জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে বিশাল এলাকাজুড়ে কচুরিপানায় ভরে গেছে। এ কচুরিপানার জটে ইঞ্জিন-চালিত বোটগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। এক শ’ গজ জায়গা পার হতে দীর্ঘ সময় অতিক্রম করতে হচ্ছে। এ পরিস্থিতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী ও বোট চালকরা। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা।
কাপ্তাই বোট মালিক সমিতির লাইনম্যান শীতল মল্লিক জানান, গত এক সপ্তাহ থেকে উজানের নেমে আসা পাহাড়ি ঢলে এই কচুরিপানা জেটিঘাট সংলগ্ন কাপ্তাই লেকে এসেছে। কাপ্তাই জেটিঘাট থেকে বিলাইছড়ি পর্যন্ত নৌপথে ইঞ্জিন-চালিত বোট দিয়ে যেতে সময় লাগত এক ঘণ্টা। আর সেখানে এখন সময় লাগছে দুই ঘণ্টার বেশি বলে একাধিক বোট চালক জানিয়েছেন।
বোট চালক আবুল কালাম বলেন, কচুরিপানার জটে ঠিক মতো বোট চালাতে পারছি না। এই রুটে চলাচলকারী যাত্রী বিপ্লব বড়ুয়া, সুইনু মারমা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কচুরিপানা চলে আসে। ফলে নৌ চলাচল বিঘিœত হয়।