ওমরাহ করতে যাওয়ার সময় সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজারের ইয়াবা সম্রাটখ্যাত বদির ক্যাশিয়ার সালা উদ্দিন। বিমান ছেড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাকে নামিয়ে আনেন র্যাবের সদস্যরা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আনন্দ মিছিল, বিএনপি অফিসে অতর্কিত হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এবং এজাহারের ২ নম্বর আসামি সালা উদ্দিন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন উখিয়াতে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। সেই সময় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ বিএনপির অফিসে হামলা চালানোর ঘটনায় নেতৃত্বে ছিলেন সালা উদ্দিন।
তিনি সাবেক এমপি আব্দুর রহমান বদির ক্যাশিয়ার হিসেবেও ব্যাপক পরিচিত। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সালা উদ্দিন সিলেট বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে বিমানে ওঠেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে সেখানে হানা দেয় র্যাব। নির্ধারিত সিটে বসে থাকা সালা উদ্দিনকে নামিয়ে আনেন তারা। গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যায়, মাদক সম্রাটখ্যাত সালা উদ্দিনের বাবা সাধারণ একজন ড্রাইভার। এলাকায় জাফর ড্রাইভার নামে পরিচিত। ছোট্ট একটি কাপড়ের দোকান থাকলেও তার আয়ের মূল উৎস ইয়াবা। কয়েক বছরে বিপুল অর্থ-সম্পদের মালিক বনে যান সালা উদ্দিন। গড়ে তোলেন ইয়াবা সিন্ডিকেট। আগে সালা উদ্দিনের মাদক ব্যবসার গুরু সাবেক এমপি আব্দুর রহমান বদিকে ২০ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় থেকে গ্রেফতার দেখায় র্যাব। বর্তমানে কারাগারে আছেন তিনি।



