নরসিংদীর শিবপুরে বন্ধুদের সাথে বিলে গোসল করতে গিয়ে নবম শ্রেণির শিক্ষার্থী সিয়ামের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের মরা ডাঙ্গার বিলে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচর খালপাড় গ্রামের আলী হোসেনের ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: সুলতান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের বাবা আলী হোসেন ও এলাকাবাসী জানায় আজ দুপুরে সিয়াম ও তার সাথে আরো দুই বন্ধু বাড়ির পাশে  মরা ডাঙ্গার বিলে গোসল করতে যায়। একপর্যায়ে দুই বন্ধু গোসল শেষে তীরে ওঠলেও সিয়াম না ওঠলে বন্ধুরা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসে ও খোঁজাখোঁজি শুরু করে। 

পরে শিবপুর ফায়ার সার্ভিসকে ফোন দিলে এক ঘণ্টা চেষ্টার পর সিয়ামকে (১৪) উদ্ধার করতে সক্ষম হয়। তাকে দ্রুত শিবপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। 

শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: সুলতান উদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সিয়াম উদ্ধার করি। পরে স্থানীয় ইউপি সদস্য মো: মাইনুল ইসলাম ও স্থানীয় লোকজনের মাধ্যমে সিয়ামকে শিবপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়।