কক্সবাজারে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি দল নোয়াখালী বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে গেছে।
গত সোমবার বেসরকারি সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে নোয়াখালীতে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন নিবন্ধিত রোহিঙ্গারা।
রোহিঙ্গারা জানান, বন্যাকবলিত মানুষদের ভয়াবহতার খবর প্রকাশ হলে ১৯৯২ সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিলাম সেটির স্মৃতি মনে পড়ে। সেই চিন্তা থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। এর অংশ হিসেবে নিবন্ধিত নয়াপাড়ার ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা মাওলানা হাফেজ কদর উদ্দিনের নেত্বেত্বে সাতজনবিশিষ্ট একটি প্রতিনিধিদল বন্যার্তদের জন্য নিবন্ধিত নয়াপাড়া শিবিরের বাসিন্দা ক্ষতিগ্রস্তদের চাল, ডাল, চিনিসহ নগদ টাকা সংগ্রহ করা হয়। পরে ত্রাণগুলো বেসরকারি সংস্থার মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জে ৬ নম্বর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ত্রাণের প্যাকেটে নিত্য শুকনো খাবার, তেল ও পানিসহ দুই হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল। এ ব্যাপারে নিবন্ধিত নয়াপাড়া শিবিরের ত্রাণ সংগ্রহ দলের সদস্য মুহাম্মদ সালাম বলেন, মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনের শিকার হয়ে ১৯৯২ সালে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলাম। যেমনি করে বাংলাদেশের জনগণ আমাদের বিপদে সাহায্য করেছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মুসলমান আরেক মুসলমানের কষ্টের সময় আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি।
উখিয়া ময়নাঘোনা ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা সোলতান আহমেদ বলেন, আমরা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় গ্রহণের সময়ে স্থানীয়রাসহ সারা দেশের মানুষ আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছিল। তাই আমরাও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন মাধ্যমে অর্থ সহায়তাসহ মসজিদে মসজিদে দোয়া করেছি।