চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার রাতে পৃথক পৃথকভাবে চন্দ্রঘোনা এবং সরফভাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেশে রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো: নাহিদ হাসানসহ শেখ রাসেল এভিয়ারি পার্কের ফরেস্টার হাসিবুর রহমানের নেতৃত্বে রাঙ্গুনিয়া থানার পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সুফি গোট্টা নামক এলাকায় অভিযান চালিয়ে ১৮৩ টুকরা সমান ২৫৬ ঘনফুট মূল্যবান সেগুন কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানা গেছে। জব্দকৃত কাঠ রাঙ্গুনিয়া রেঞ্জ অফিস হেফাজতে নেয়া হয়েছে।