মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা রানী দাশ নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের ওপর একের পর এক ভারতীয় আগ্রাসন চলছে। কয়েক দিন আগে পানি ছেড়ে দিয়ে আমাদের অনেক জেলাকে প্লাবিত করেছে। সেই ক্ষত না শুকাতেই এবার আমাদের বোন স্বর্ণা রানী দাশকে সীমান্তে হত্যা করা হলো। হত্যা করার অধিকার তাদেরকে কে দিয়েছে? বক্তারা স্পষ্ট করে বলেন, সীমান্তে আমাদের আর একজনও যদি মারা যায়, তাহলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করবো।
গত বুধবার বিশ^বিদ্যালয়ের প্রধান ফটকে (শহীদ রুদ্র তোরণ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির উদ্যোগে এ বিক্ষোভ সামবেশ অনুষ্টিত হয়। উল্লেখ্য, গত রোববার কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফ’র গুলিতে প্রাণ হারান স্বর্ণা রানী দাশ।