কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নে দলীয় আন্তঃকোন্দলের কারণে ও দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এমদাদুল হক আকলুকে (৬৫) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সংকরপুর এলাকার নাসু মার্কেটে হত্যা করে বিএনপি’র অপর পক্ষের সমর্থকরা।

নিহত এমদাদুল হক আকলু (৬৫) মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, দলীয় কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকলু গ্রুপ ও ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ গ্রুপের মাঝে দীর্ঘ দিন ধরে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তারই জেরে নুর মোহাম্মদ গ্রুপের আট-দশজন সমর্থক বাজারে একা পেয়ে আকলুর ওপর হামলা চালায়। হামলার ঘটনায় তার সেখানেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহাতাব উদ্দিন প্রতিবেদককে জানায়, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।