কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নে দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে এমদাদুল হক আকলুকে (৬৫) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সঙ্করপুর এলাকার নাসু মার্কেটে হত্যা করে বিএনপি’র অপর পক্ষের সমর্থকরা।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আকলু গ্রুপ ও ইউনিয়ন সহসাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। তারই জেরে নুর মোহাম্মদ গ্রুপের ৮-১০ জন সমর্থক বাজারে একা পেয়ে আকলুর ওপর হামলা চালায়। হামলায় ঘটনা খুলেই তার মৃত্যু হয়।
নিহত এমদাদুল হক আকলু (৬৫) মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি মো: মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।