লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগ ও স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। গত শনিবার বিজিবি সদস্যরা উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙে যাওয়া রাস্তা নির্মাণসহ মেরামত ও সংস্কার করেন।
বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীসংলগ্ন জোড়া ব্রিজের উভয় পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি পানির স্রোতে ধসে যাওয়ায় ব্রিজের এলাকার প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সবধরনের যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার ১০-১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত এবং জরুরি মুহূর্তে রোগী আনা-নেয়ার ক্ষেত্রে এলাকাবাসী খুবই অসুবিধার সম্মুখীন হয়। বিষয়টি বিজিবি অবগত হলে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫ হাজার সিএফটি মাটি, দু’টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক পৃষ্ঠতল নির্মাণ এবং ৫০টির বেশি বৃক্ষ রোপণ ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ রাস্তা মেরামত ও সংস্কারের কাজ শুরু করা হয়। এ সময় বিজিবির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় ছাত্র-জনতা, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



