উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।

আজ সকাল ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এ কারণে পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত বহাল রয়েছে।

সোমবার আবহাওয়া অধিদফতরের চার নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে না। বরং সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, পড়ছে ভ্যাপসা গরম। নদ-নদী স্বাভাবিক থাকলেও সাগর কিছুটা উত্তাল রয়েছে।

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।