পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির দাবি বলেছেন, পাহাড়ে বিদ্যমান সব বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করতে হবে। পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার, ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ-এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধসহ খুন, গুম এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল সোমবার খাগড়াছড়ি শহরের মুক্ত মঞ্চে সমাবেশ করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিপিএন) খাগড়াছড়ি জেলা শাখা। সমাবেশের পূর্বে শহরের চেংগী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহাসচিব আলমগীর কবির, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা শাখার সহসভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা প্রমুখ।

এ সময় বক্তারা আদিবাসী শব্দের কঠোর বিরোধিতা করে বলেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসীর দাবি তুলে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা এ অঞ্চলকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। পার্বত্য চট্টগ্রামকে শান্ত করতে হলে দ্রুত সময়ে পাহাড় থেকে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। উপজাতি সংগঠনগুলোর মদদে পাহাড়ে গ্রাফিতি অংকন করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পাহাড় থেকে উৎখাতের ষড়যন্ত্র করা হচ্ছে। দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিবে পার্বত্য চট্টগ্রামের জনসাধারণ। এ অঞ্চলের বাঙালিরা সব ধরনের সুবিধাবঞ্চিত। অবিলম্বে সব বৈষম্য দূর করে সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে।