ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্তে বিজিবির এক টহলরত দল দেখে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক জামগড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। গত শনিবার রাত ৯টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের বানাইচিড়িংগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তেলাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জামাল উদ্দিন বলেন, ভারত থেকে চোরাই পথে কয়েক ব্যক্তি গরু নিয়ে আসছিলেন। হঠাৎ তারা বিজিবির টহল দলের সামনে পড়ে গেলে তারা দিগবেদিক ছুটে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া দু’টি গরু উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে জানতে পারা যায় হাতির জন্য পেঁতে রাখা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের একজন মারা গেছেন।
হালুয়াঘাট থানার ওসি মাহাবুবুল হক বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।