আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রাণ হারালো আরেক বাংলাদেশী শিশু। এবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা বিওপির ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ডিঙ্গাপাড়া ক্যাম্প বিএসএফের গুলিতে বাংলাদেশী শিশু জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে মারা যায় স্বর্ণা দাস নামে ১৩ বছরের এক শিশু।
জানা গেছে, জয়ন্ত গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে তার বাবা মহাদেব কুমার সিংহ (৪৫) ও তার বন্ধু বাংঠু মোহাম্মাদ (৪০) মিলে কিছুক্ষণ পরে সন্তানের লাশ আনতে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে আবারো গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়ে কোনো রকমে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হয়। রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের পুত্র জয়ন্ত কুমার সিংহ কাজের সন্ধানে গতকাল সোমবার ভোররাতে ধনতলা বিজিবি সীমান্তের ৩৯৩ মেইন পিলারের কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ডিঙ্গাপাড়া বিএসএফের টহলদল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে জয়ন্ত নিহত হয়। পরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে তাদের ক্যাম্পে টেনে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নূপুর বলেন, নিহত কিশোর নাকি কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করে। এতে সে নিহত হয়। সংবাদ পেয়ে নিহতের বাবা ও তার বন্ধু মিলে লাশ উদ্ধার করতে সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা আবারো তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। জয়ন্তের লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো: তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।